এশিয়ান গেমসে না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে লিটন দাসদের মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে বাতিল করা হয়।
র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, সকালে গেমস কর্তৃপক্ষ ম্যাচ বাতিলের বিষয়টি জানিয়েছে। ফলে স্টেডিয়ামে যায়নি বাংলাদেশ দল।
এর আগে গতকাল বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়। মাঠের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের ম্যাচও বাতিল করা হয়।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি সকাল ৯টায় হওয়ার কথা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান জয়ী হবে এবং বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।
এর আগে বৃষ্টির কারণে নারী ক্রিকেট দলও কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ নারী দল।


