ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ ৩ কমিটি বিলুপ্ত
সাংগঠনিক শৃঙ্খলা ও মেয়াদোত্তীর্ণতার কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সংগঠনগুলোর কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিএনপির বিজ্ঞপ্তিতে মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতাকেও বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।
এদিকে মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের মহানগর পশ্চিম শাখায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন—সারোয়ার আলম পিয়াস, মো. রফিকুল ইসলাম জিন্নাহ, ইকবাল হোসেন দিপু, ওমর নাঈম ও শান্ত রহমান।
এ ছাড়া দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমিক দলের আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।
সাম্প্রতিক সময়ে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা হলেও, প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোতে ওই ঘটনার উল্লেখ করা হয়নি। সেখানে কমিটি বিলুপ্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণতা এবং বহিষ্কারের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়।


