দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী
একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলে দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগে থেকেই সচেতন হলে এ রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছেন, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার জন্য আগে অর্থ নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।
এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে কী রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


