ভারতের সঙ্গে বৈরিতা নয়, চাই সমতা ও ন্যায্যতার সম্পর্ক: নাহিদ

রাজনীতি
ভারতের সঙ্গে বৈরিতা নয়, চাই সমতা ও ন্যায্যতার সম্পর্ক: নাহিদ

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে আয়োজিত সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

৮ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়, তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না—সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন অনেক নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা নিশ্চিত হয়নি। গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি নতুন করে চুক্তি করার দাবি জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, শুধু গঙ্গা চুক্তি নবায়ন করলেই হবে না; নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যার পাশাপাশি অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারা বছর ন্যূনতম প্রবাহ ও নাব্যতা বজায় রাখতে প্রয়োজনীয় পানি নিশ্চিত করার জন্য গ্যারান্টি ক্লজ রাখারও দাবি জানান তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দিলে তার প্রভাব দুই দেশকে সমভাবে বহন করার বিষয়টিও চুক্তিতে থাকতে হবে। গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের অংশীদারত্ব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আবরার ফাহাদের চেতনার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। ভারত যদি প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে অভিন্ন নদীগুলোর পানিবণ্টনে ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু বোয়িং বিমান কেনা বা বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করাই যথেষ্ট নয়; গঙ্গার পানিবণ্টন চুক্তি কীভাবে করা হয় এবং সেখানে বাংলাদেশের স্বার্থ কতটা নিশ্চিত করা যায়, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনার আওতায় আনার দাবিও জানান তিনি।

আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ফেনী নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে প্রশ্ন তোলার কারণেই আবরারকে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে তিনি মনে করেন। আবরার হত্যার মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় সব আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত কার্যকরের দাবিও জানান তিনি।