‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

খেলাধুলা
‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
১১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। একই সঙ্গে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন এই পেসার।

দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ৮০ রানের জুটি ভেঙে দেন এবাদত হোসেন। এরপর পরের ওভারে বল হাতে নিয়ে আফগান ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন হাসান।

৮৩তম ওভারের প্রথম দুই বলে কোনো রান দেননি তিনি। তৃতীয় বলে ইসমত আলমের ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় বল সরাসরি আঘাত করে অফস্টাম্পে। এরপর নতুন ব্যাটার কাইস আহমেদের ব্যাট ছুঁয়ে আসা বল ডানদিকে হাত বাড়িয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে তালুবন্দি করেন হাসান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সামনে দাঁড়ান বাংলাদেশের এই পেসার। পরের বলেও ক্যাচের আবেদন করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সতীর্থদের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন। আল্ট্রাএজে বল ব্যাট অতিক্রমের সময় কোনো স্পাইক দেখা যায়নি। তবে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, প্যাডে না লাগলে সেটি অফস্টাম্পে আঘাত করত। ফলে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার।

এতেই হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান। বোল্ড, ক্যাচ ও এলবিডব্লিউ—তিন ভিন্ন উপায়ে টানা তিন বলে উইকেট নিয়ে গড়েন অনন্য কীর্তি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তিনি তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন, তবে প্রথম পেসার হিসেবে এই অর্জন তাঁরই।

এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। এরপর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন সোহাগ গাজী। দুজনই ছিলেন স্পিনার।

হ্যাটট্রিকের পরও থামেননি হাসান। এক ওভার বিরতি দিয়ে পরের ওভারেই ইয়ামিন আহমদজাইকে আউট করেন তিনি। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও উইকেট রক্ষা করতে পারেননি তিনি।

এ উইকেটের মধ্য দিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। ক্যারিয়ারে চতুর্থবারের মতো টেস্টে ফাইফার পেলেন বাংলাদেশের এই পেসার।