স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

রাজনীতি
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি
১৩ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি।

রোববার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব পালনের সিদ্ধান্তও হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করেছে রাজনৈতিক পর্ষদ। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সপ্তাহে ১০০টি উপজেলা ও পৌরসভা পরিষদের স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই ও তালিকা তৈরির কাজ আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

সভায় রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।