মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার কারও নেই: জামায়াত আমির

রাজনীতি
মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার কারও নেই: জামায়াত আমির
২২ অক্টোবর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের উজো বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়। এর আগে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে সেখানে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন।

বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির উদ্দেশে রওনা করানো হয়। তবে উজো বাজার এলাকায় অবরোধকারীরা তাদের বাধা দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে সড়কটি চলাচলের উপযোগী করলে বেলা ১১টার দিকে পর্যটকবাহী গাড়িবহর এলাকাটি ছেড়ে যায়।

এর প্রায় আধা ঘণ্টা পর উজো বাজার এলাকায় দফায় দফায় গোলাগুলি শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে গোলাগুলি চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এদিকে নিরাপত্তাজনিত কারণে বুধবার সন্ধ্যা থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বারবার সড়ক অবরোধ এবং পর্যটনকেন্দ্র বন্ধের ঘটনায় সাজেকের পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।