আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, ডাক দিলেন হাসনাত

রাজনীতি
আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, ডাক দিলেন হাসনাত
৩০ অক্টোবর ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সমাবেশে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের মন খারাপ করারও অধিকার নেই। কেউ মন খারাপ করলেও তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, ধারাবাহিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, রাস্তাঘাটে আবারও ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে। এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তাঁদের লড়াই অব্যাহত থাকবে। এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও কামনা করেন তিনি।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের শুক্রবার বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।