যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে আগের তুলনায় আরও কঠোর ও ব্যাপক সামরিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, নতুন করে সংঘাত শুরু হলে তা শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এসব হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালালে এবার আগের চেয়ে কঠোর ও ব্যাপক পাল্টা হামলার মুখে পড়বে। সম্ভাব্য সংঘাতের পরিধি পশ্চিম এশিয়ার বাইরে ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, প্রতিপক্ষের বিভিন্ন স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী। এ লক্ষ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হচ্ছে।

ইরানের এই সামরিক মুখপাত্রের হুঁশিয়ারি অনুযায়ী, নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্বের যেখানেই যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, সরঞ্জাম, সেনাসদস্য কিংবা স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো থাকুক না কেন, সেগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে স্থলভাগে নতুন যুদ্ধফ্রন্ট তৈরির একটি পরিকল্পনা নস্যাৎ করার দাবিও করেছেন আকরামিনিয়া।

তাঁর অভিযোগ, উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কয়েকটি গোষ্ঠীকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছিল প্রতিপক্ষ। এসব গোষ্ঠীকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল।

তবে ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েন এবং গোষ্ঠীগুলোর অবস্থানে আগাম অভিযান চালিয়ে সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইরানের এই হুঁশিয়ারিতে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কা এবং এর সম্ভাব্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।