মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, দুই যুবক রিমান্ডে

দেশজুড়ে
মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, দুই যুবক রিমান্ডে
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ভাইয়ের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২৫ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ভাই মির্জা ফয়সাল আমিনের নাম-পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া আইডি খোলা হয়। এসব আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করে কমিটিতে পদ দেওয়া ও নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির কয়েকজন নেতা এ বিষয়ে অভিযোগ করলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তে প্রতারণার সত্যতা মেলায় নীলফামারীর ডিমলা থেকে শাকিল আহমেদ এবং টাঙ্গাইল থেকে হায়দার রহমান জয়কে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত উভয়ের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,

“এই প্রতারণার পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।