সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

অপরাধ
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় যুবক আমির হোসেনসহ দুজনকে হত্যার দায়ে দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২৮ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। একই রায়ে রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সকাল ১১টা ৪৮ মিনিটে ট্রাইব্যুনাল রায় পাঠ শুরু করেন। প্রসিকিউশনের আবেদনের পর আদালতের অনুমতিক্রমে রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হলেও বাকি চার আসামি এখনও পলাতক।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় সংঘর্ষ চলাকালে পুলিশি অভিযানের মুখে আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, পরে তাকে নিচে নামতে বাধ্য করা হয় এবং ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই দিনে রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। এসব ঘটনাকে কেন্দ্র করেই মামলাটি দায়ের করা হয়।

ট্রাইব্যুনালের রায়ে আদালত উল্লেখ করেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।