বনানী থানার এএসআই অসীমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রাজধানীর বনানী থানার অধীনস্থ মহাখালী সাততলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) অসীমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, গ্রেপ্তার বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের মারাত্মক অভিযোগ উঠেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া এবং নিরপরাধ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াকে তিনি নিয়মিত চর্চায় পরিণত করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ফাঁড়ি এলাকায় নিয়মিত অভিযানের নামে সাধারণ মানুষকে ধরে এনে মোটা অঙ্কের টাকা দাবি করেন এএসআই অসীম। টাকা দিতে অস্বীকার করলে ভুয়া মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। কেবল জিম্মি করাই নয়, চিহ্নিত মাদক কারবারিদের গোপন আস্তানা থেকে আটক করার পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন তিনি। এতে করে এলাকায় মাদক ব্যবসা আরও জাঁকিয়ে বসছে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়া মহাখালী সাততলা ফাঁড়ি এলাকার ফুটপাত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি এবং বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা আদায়েরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। অসীমের এই বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার সাধারণ মানুষ।
অভিযোগের বিষয়ে জানতে এএসআই অসীমের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমার নিয়মিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে এবং পুলিশের সুনাম ক্ষুণ্ন করতে এসব রটাচ্ছে।”
তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্যের অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না। অসীমের বিরুদ্ধে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএমপির গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা অনিয়মের প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করা হবে।”
অসীমের এমন অপকর্মের কারণে ওই এলাকার জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। এলাকাটিকে অপরাধমুক্ত করতে অভিযুক্ত এএসআই অসীমের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত পরিচালনা, তাকে বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।


