প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মেহেরপুর-সিলেটে আটক ২

অপরাধ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মেহেরপুর-সিলেটে আটক ২

ছবি: সংগৃহীত

১৯ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মেহেরপুর ও সিলেট থেকে দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমার দাস (২৮) নামে এক তরুণকে আটক করা হয়। তিনি মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেন। এতে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জয়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা থাকায় ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে একই ধরনের অভিযোগে সিলেট নগরের নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমেদ (২১) নামে আরেক তরুণকে আটক করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানা-পুলিশের ভাষ্য, মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী জানান, মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুই ঘটনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে পুলিশ পৃথকভাবে আইনগত পদক্ষেপ নিচ্ছে।