ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, সেই বিচারক বরখাস্ত
ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।
আইন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আরিফুল ইসলাম এর আগে শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ এবং পরবর্তী সময়ে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এর ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন।
তবে বিভাগীয় মামলায় আনা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।


