ইলিশের দাম নির্ধারণে সরকারি উদ্যোগ

ইলিশের দাম নির্ধারণে সরকারি উদ্যোগ
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫

ইলিশের বাজারমূল্য নিয়ন্ত্রণে আনতে অবশেষে নড়েচড়ে বসেছে সরকার। চাঁদপুরসহ উপকূলীয় বিভিন্ন জেলায় ধরা পড়া ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের পেছনে মুখ্য ভূমিকা রেখেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি ইলিশের দাম নির্ধারণ সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠান, যা পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা প্রস্তাবটি অনুমোদন করেন গত ২৬ জুন।

চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোতে ইলিশের চড়া দাম নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ ভোক্তা ও জেলেরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। সংশ্লিষ্ট প্রতিবেদন বলছে, কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার ইচ্ছেমতো দাম নির্ধারণ করে বাজারে সিন্ডিকেট চালাচ্ছেন। এতে করে সাধারন মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের হাত থেকেও ইলিশ দূরের স্বপ্ন হয়ে যাচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চাঁদপুর ছাড়াও বরিশাল, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম, ঝালকাঠিসহ প্রায় এক ডজন উপকূলীয় জেলায় ধরা পড়ে ইলিশ। প্রস্তাবে বলা হয়েছে, শুধু চাঁদপুর নয়, এসব জেলাকেও বিবেচনায় রেখেই ইলিশের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে।

চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,

“আমরা চাই, কোনো সিন্ডিকেট যেন ইলিশের দামের নিয়ন্ত্রণ নিতে না পারে। তাই অংশীজনদের নিয়ে দাম নির্ধারণের প্রস্তাব দিয়েছি, যাতে ভোক্তা ও জেলেরা ন্যায্য দামে ইলিশ পায়।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এখন থেকে ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় নীতিমালা তৈরির কাজ শুরু করবে। বাজারে ইলিশের সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা, জেলেদের ন্যায্য মজুরি এবং ভোক্তাদের নাগালের মধ্যে দাম রাখাই হবে মূল লক্ষ্য।