খাবার ডেলিভারিতে বাংলাদেশি ই-বাইক কিনবে ওমানের প্রতিষ্ঠান

খাবার ডেলিভারিতে বাংলাদেশি ই-বাইক কিনবে ওমানের প্রতিষ্ঠান
১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের তৈরি বৈদ্যুতিক যান (ইভি) প্রযুক্তি ও পণ্যের মধ্যপ্রাচ্য বাজারে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ওমানভিত্তিক প্রতিষ্ঠান ‘স্টার ড্রোনস’ (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) এবং বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ ইলেকট্রিক বাইক সংগ্রহ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

প্রাথমিক পর্যায়ে ওমানের ফুড ডেলিভারি অ্যাপ ‘বিস’-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করবে স্টার ড্রোনস। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ওমানে ইলেকট্রিক বাইকের একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে ঢাকার নভো থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মেলায় প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পণ্যের মান ও উদ্ভাবনী সক্ষমতা দেখে ওমানি প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের ইভি প্রযুক্তিকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।

প্রযুক্তি বিনিময় ও রিভার্স ইঞ্জিনিয়ারিং

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান বৈদ্যুতিক যান প্রযুক্তি বিনিময় করবে। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া স্টার ড্রোনস বাংলাদেশের তৈরি ইভি বাইককে তাদের ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে আধুনিক ও সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

চুক্তিতে বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের সম্ভাবনাও রাখা হয়েছে। এ ক্ষেত্রে ওমানি মূলধনের পাশাপাশি ড্রোন প্রযুক্তি বাংলাদেশে আনার সুযোগ তৈরি হতে পারে।

দীর্ঘমেয়াদি সহযোগিতার লক্ষ্য

পিটন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আব্দুল গফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, একাডেমিয়া, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের প্রচেষ্টার একটি বাস্তব ফল এই চুক্তি।

স্টার ড্রোনসের এক প্রতিনিধি বলেন, বাংলাদেশের পণ্যের মান এবং স্থানীয় উদ্ভাবনী সক্ষমতা তাদের মুগ্ধ করেছে। তাঁর মতে, এই অংশীদারিত্বের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রযুক্তির বিস্তারের পাশাপাশি বাংলাদেশে ওমানি বিনিয়োগ বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।