সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ বারে অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ বারে অভিযান
৩ অক্টোবর ২০২৬

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে ঢাকার চারটি বার ও বিনোদনকেন্দ্রে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা।

শনিবার (৩ অক্টোবর) এনবিআরের সমন্বিত উদ্যোগে আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে এ অভিযান পরিচালিত হয়।

এনবিআরের জনসংযোগ দপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযানের জন্য কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি দল গঠন করে। দলগুলোর সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) কর্মকর্তারা যুক্ত রয়েছেন।

অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সরেজমিন পরিদর্শন, তল্লাশি, নথিপত্র যাচাই এবং প্রয়োজন অনুযায়ী পণ্য আটক করার কার্যক্রম চলছে। একই সঙ্গে মজুত থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ, বৈধ উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত নথি এবং প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে এর আগে দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অনুমোদিত সীমার বাইরে দুটি অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে। প্রাথমিক যাচাইয়ে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর তদন্তের জন্য গুদামগুলো সিলগালা করা হয়।

টস বন্ড কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করে থাকে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের সম্পর্কের বিষয়ে ভিন্ন দাবি পাওয়া গেছে। ফু ওয়াং কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, টস বন্ডের সঙ্গে শেখ নুর ইসলাম বা তাঁর পরিবারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই।

অন্যদিকে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নুর ইসলামের মেয়ের বিয়ের বিষয়টিও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আলোচনায় এসেছে। তবে এসব পারিবারিক সম্পর্কের সঙ্গে এনবিআরের অভিযানে পাওয়া অভিযোগের সরাসরি যোগসূত্র প্রতিষ্ঠিত হয়েছে—এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

এনবিআর জানিয়েছে, অভিযানে কোনো অনিয়ম, অবৈধ মজুত বা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মিরপুরে নিজের স্টুডিওতে হামলার ঘটনায় সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর তাঁর ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যাচাই-বাছাই ও অনুসন্ধান চলছে।