৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংকের গভর্নর
প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। একই সময়ে একযোগে এত ব্যাংকের সেবা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন গভর্নর মোস্তাকুর রহমান।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। ফলে এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হবে।
মধুমতি ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের বাইরে থাকা ব্যাংকগুলোর মধ্যেও ফান্ড ট্রান্সফার স্বাভাবিক থাকবে।
যেসব ব্যাংকে সেবা বন্ধ
বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ এ কার্যক্রমের আওতায় রয়েছে।
ব্যাংকাররা বলছেন, ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা উন্নয়ন জরুরি হয়ে উঠেছে। সাধারণত এ ধরনের কাজে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন কিছু সেবা সীমিত রাখা হয়। তবে এবার একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা বন্ধ থাকায় বিপুলসংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়তে পারেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে গর্হিত হিসেবে দেখছেন গভর্নর। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন বলেও জানান আরিফ হোসেন খান।


