বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়
দেশে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বরের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মজুরি হার সূচকের (ডব্লিউআরআই) তথ্য প্রকাশ করে বিবিএস। এতে দেখা যায়, মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে।
সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৩০ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
গ্রামে মূল্যস্ফীতি বেশি
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরেও শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি কিছুটা বেশি ছিল। গ্রামে সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৮ দশমিক ৩১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।
গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। আগস্টে ৭ দশমিক ০১ শতাংশ থেকে সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৮ শতাংশে। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৫৭ শতাংশে নেমেছে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
শহর এলাকায় সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, আগস্টে যা ছিল ৮ দশমিক ২০ শতাংশ। এ সময়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যয় বাড়লেও কমেছে মজুরি বৃদ্ধির হার
মূল্যস্ফীতি বাড়ার বিপরীতে সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বরে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।
অর্থাৎ, সেপ্টেম্বর মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয়ের অন্যতম সূচক মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে।
সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির এ পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস।


