রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
১৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম নিতে বলা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একইভাবে রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও সরকারের সুপারিশ ও সম্মতি জানানো হয়েছে। তাঁর ক্ষেত্রেও সংশ্লিষ্ট আইন ও চুক্তির বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্যও সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে সরকারের সুপারিশ ও সম্মতির আলোকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় এ পরিবর্তন ব্যাংক খাতে গুরুত্ব বহন করছে। খেলাপি ঋণ আদায়, মূলধন ঘাটতি, তারল্য ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করার মতো নানা চ্যালেঞ্জের মধ্যে ব্যাংকগুলোর নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তবে তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় বিধিগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী পদে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে চিঠিতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।