পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত : ক্রীড়া প্রতিমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

রাজধানীর শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে জাতীয় পর্যায়ের মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব ধরনের মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে রাজধানীতে জাতীয় পর্যায়ের যুব মেলাটিও আপাতত স্থগিত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, জাতীয় পর্যায়ের মেলা স্থগিত হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলার আয়োজন করা হবে। এ ছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

মেলা স্থগিতের নির্দিষ্ট কারণ জানতে চাইলে আমিনুল হক বলেন, এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।