প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা
প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি সরকারের নজরে আছে এবং সময়মতো সিদ্ধান্ত জানানো হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মন্ত্রী বলেন, “প্রশ্নফাঁস ও নকল আর ফিরে আসবে না। অতীতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে।”

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিকমানের করার জন্য সমন্বিত সংস্কার কার্যক্রম নেয়া হবে। এতে কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—সামঞ্জস্য রেখে আন্তর্জাতিকমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলামের উন্নয়ন করা হবে।”

মন্ত্রী অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বলেন, “অতীতে কে কী করেছে তার জবাবদিহি আমরা দেব না। তবে আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।”