জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

শিক্ষা
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবার ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ—এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৫৬০ টাকা পাবে। দুই বছরে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য মোট ১৭ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা এবং বছরে এককালীন ৩৫০ টাকা পাবে। দুই বছরে ৩১ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য মোট ২৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হবে।

বৃত্তির অর্থ ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে প্রদান করা হবে। জি-টু-পি (G2P) পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

ফলাফল দেখতে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এর ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিয়ে ফল জানতে পারবে।

এছাড়া মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় গত বছরের ২৮ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ৬ জানুয়ারি।