ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

শিক্ষা
ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৬

 

সাভারের ইসলামনগর এলাকায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১–২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। শারমিনের স্বামীর ভাষ্যমতে, রোববার দুপুরে তিনি বাসায় ছিলেন না। আনুমানিক দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে দেখেন, বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বিকল্প উপায়ে ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তিনি জানান, শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি নিস্তেজ অবস্থায় ছিলেন। পরে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, বিকেল সোয়া ৫টার দিকে শারমিনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী। প্রক্টর বলেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত হয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাটি সাভার ও আশুলিয়া থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।