‘পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন’

শিক্ষা
‘পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন’
নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২৬

পরীক্ষা কেন্দ্রের বাথরুমে পর্যন্ত নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দায়ী করা হবে বলে কঠোর অবস্থান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা হবে আরও মানসম্মত ও কঠোর নজরদারির মধ্যে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এ ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। তার ভাষায়, “সিসিটিভি শুধু নকল ঠেকাতে নয়, শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চলছে কি না—সেটাও পর্যবেক্ষণ করা হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, পরীক্ষার হলে স্থানীয় সংসদ সদস্য বা তাদের সঙ্গীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং পরীক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস ব্যবহারের নির্দেশনাও দেন তিনি।

শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, একসময় জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সন্তানরা সরকারি স্কুলে পড়লেও এখন সেই প্রবণতা কমে গেছে, যা শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সংকটের ইঙ্গিত দেয়।

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করছে।