এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানা গেল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হবে।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অংশ নেন এবং পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবারও সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
সভায় পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধে কঠোর নজরদারির কথাও বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখা হতে পারে, যা আগের বছরগুলোর মতোই কার্যকর থাকবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রুটিন ও প্রয়োজনীয় নির্দেশনা সংগ্রহ করতে পারবেন।


