লক্ষ্মীপুরের উচ্চশিক্ষা খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার ও ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. হানিফ মুরাদকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের নির্ধারিত সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
২০২৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওই বছরের ২৬ অক্টোবর আইনটির গেজেট প্রকাশিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত উপাচার্য ড. হানিফ মুরাদ ১৯৭৪ সালের ১০ এপ্রিল নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
গবেষণাক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ গণিত সমিতি-এর আজীবন সদস্য।