জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষা
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
৩ অক্টোবর ২০২৬

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে মন্ত্রণালয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন পাঠ্যবইয়ের মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বই তৈরিতে ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কোনো প্রকাশকের বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বই বিতরণের পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ের মুদ্রণ ও মান যাচাইয়ে রাজধানীর কয়েকটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। আগামী শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটির বেশি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মানসম্মত খাবার নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচিতেও পরিবর্তনের পরিকল্পনার কথা জানান তিনি। শিক্ষার্থীদের কুপনের মাধ্যমে বিদ্যালয়ের ক্যান্টিন থেকে খাবার কেনার সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে। খাদ্যতালিকায় নতুন কিছু খাবার যুক্ত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে খাবার সরবরাহ ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পরিকল্পনাও রয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রথমে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতের এসব উদ্যোগের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।