চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন

শিক্ষা
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
২৬ অক্টোবর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসির পৃথক সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির বই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন দুটি বই অনুমোদনের জন্য পৃথক সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন ওই সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ সময় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আনন্দময় ও জীবনমুখী শিক্ষায় গুরুত্ব

নতুন বইগুলো শিক্ষাক্রমে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধনির্ভর করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কারিকুলাম বিশেষজ্ঞদের অভিমত, নতুন বইগুলো শিক্ষার্থীদের গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতার বাইরে এনে ব্যবহারিক জ্ঞান, জীবনমুখী দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করতে পারে।

তবে বইগুলোর চূড়ান্ত বিষয়বস্তু, পাঠদানের পদ্ধতি এবং শ্রেণিকক্ষে বাস্তবায়নের ওপর নির্ভর করবে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবে। ২০২৭ শিক্ষাবর্ষে বইগুলো অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীরা খেলাধুলা, দেশের সংস্কৃতি, আনন্দের সঙ্গে শেখা এবং কারিগরি শিক্ষার মতো বিষয়ে নতুন পাঠ্যবইয়ের মাধ্যমে শেখার সুযোগ পাবে।