স্টান্ট করতে গিয়ে মুখে চোট, শুটিং থামালেন না আদা শর্মা
‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত বলিউড অভিনেত্রী আদা শর্মা সম্প্রতি এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। একটি নতুন অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং সেটে স্টান্টের মহড়া দিতে গিয়ে মুখে আঘাত পান তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাতে একটি স্টান্ট দৃশ্যের রিহার্সালে অংশ নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আদা। এতে তাঁর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। তবে শারীরিক কষ্ট সত্ত্বেও শুটিং বন্ধ করেননি এই অভিনেত্রী।
আদা শর্মা এক সাক্ষাৎকারে বলেন,
“ব্যথা তো সাময়িক। সিনেমার কাজটাই চূড়ান্ত। সেদিন রাতে আমি একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম। ফোলা অংশে আইস প্যাক লাগিয়েছি, তারপর মেকআপ দিয়ে ঢেকে নিয়েছি। কাজ চালিয়ে গেছি।”
তিনি আরও বলেন,
“এই ঘটনার পর আমি মানসিকভাবে আরও দৃঢ় হয়েছি। এখন বুঝতে পারি, শারীরিক চেয়ে মানসিক শক্তিটা অনেক জরুরি।”
ঘটনার পর সহ-শিল্পীরা ও ইউনিটের সদস্যরা আদা শর্মার পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত হরর ফিল্ম ‘১৯২০’ দিয়ে বলিউডে অভিষেক হয় আদার। এরপর ‘হাসি তো ফাঁসি’, ‘কমান্ডো’ সিরিজ, এবং ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। বিশেষ করে ‘দ্য কেরালা স্টোরি’তে তাঁর সাহসী অভিনয় এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা নজর কাড়ে।


