ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড় “রাজনীতি তেমন ভালো লাগছে না”:কঙ্গনা

বিনোদন
ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড় “রাজনীতি তেমন ভালো লাগছে না”:কঙ্গনা
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

বলিউড অভিনেত্রী এবং হিমাচলপ্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত আবারও বিতর্কে। রাজনীতিতে অসন্তুষ্টির কথা প্রকাশ্যে বলার পাশাপাশি, এক জনসভায় ৮০ বছরের এক বৃদ্ধকে উপেক্ষা করার ভিডিও ঘিরে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ সাংসদ কঙ্গনার কাছে বসে তার সমস্যার কথা বলতে চাইলে, কঙ্গনা স্পষ্টতই বিরক্ত হয়ে বলেন, “এই বিষয়গুলো মুখ্যমন্ত্রীর দেখার কথা। তার কাছে যান।”

এই আচরণ ভালোভাবে নেয়নি নেটদুনিয়ার অনেকে। কেউ বলছেন, “যিনি জনসেবার দায়িত্বে, তার কাছ থেকে এমন ব্যবহার অপ্রত্যাশিত।” আবার কারো মন্তব্য, “কঙ্গনা কখনোই সাধারণ মানুষ বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে শিখেননি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাম্প্রতিক এক বক্তব্যে কঙ্গনা জানিয়েছেন, রাজনীতি তাকে তেমন আনন্দ দিচ্ছে না। তিনি বলেন,
“খাল পরিষ্কার, রাস্তা মেরামতের মতো সমস্যার জন্য আমার কাছে মানুষ আসছেন। এগুলো মুখ্যমন্ত্রী বা স্থানীয় নেতৃত্বের দায়িত্ব। এত পরিশ্রম করতে হবে ভাবিনি।”

তিনি আরও বলেন, “আমাকে বলা হয়েছিল বছরে মাত্র ৬০-৭০ দিন সংসদে থাকতে হবে, বাকিটা নিজের পছন্দমতো কাজ করতে পারব। বাস্তবতা কিন্তু একদমই ভিন্ন।”

কঙ্গনার এই মন্তব্য ও আচরণে পদ্ম শিবিরের অন্দরমহলেও নাকি অস্বস্তি তৈরি হয়েছে। যদিও এখনো বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

জনপ্রিয়তা থাকলেও কঙ্গনার মতো একজন অভিনেত্রীর কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশা করেছিল অনেকেই। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে অনেকেরই প্রশ্ন—রাজনীতি কঙ্গনার জায়গা কি না?