সায়ানের কণ্ঠে জুলাইয়ের নতুন গান

বিনোদন
সায়ানের কণ্ঠে জুলাইয়ের নতুন গান
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতিকে হৃদয়ে ধরে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান প্রকাশ করেছেন নতুন প্রতিবাদী গান— ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’। ১৫ জুলাই তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পেয়েছে গানটি।

পথচলার শুরু থেকেই কণ্ঠে এবং কবিতায় প্রতিবাদের বার্তা তুলে ধরেছেন সায়ান। রাজপথে থেকেছেন সম্মুখ সারিতে, তুলে ধরেছেন মানুষের আকাঙ্ক্ষা ও প্রতিরোধের ভাষা। ২০২৪ সালের অভ্যুত্থান চলাকালে তার গাওয়া গান ‘ভয় বাংলায়’ ছিল আন্দোলনের অনানুষ্ঠানিক প্রতীক, যা ব্যাপক জনপ্রিয়তা ও আলোচনার জন্ম দেয়।

সায়ান জানান, নতুন গানটির মূল উপজীব্য ২০২৪ সালের সেই ৩৬ দিনের অভ্যুত্থান, যেখানে মানুষ নিরস্ত্র হাতে দাঁড়িয়েছিল দমন-পীড়নের বিরুদ্ধে। তার ভাষায়,
“সেই মুহূর্ত ছিল ইতিহাসের এক গর্বিত অধ্যায়। বিচ্ছিন্ন প্রতিরোধগুলো একসাথে হয়ে উঠেছিল জাতীয় প্রতিরোধে। এই গান সেই রক্তাক্ত সাহসিকতার সৌন্দর্য ও স্মৃতির বহিঃপ্রকাশ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ গানটি শুধুই একটি স্মৃতিচারণ নয়, বরং এটি উৎসর্গ একটি বৃহত্তর আন্দোলনের প্রতি। সায়ান বলেন,
“এই গান শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়— এটি উৎসর্গ করি বিশ্বজুড়ে যেসব মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যারা জানেন হার মানা মানেই থেমে যাওয়া নয়। যারা ভয় পান না, এমনকি যদি প্রাণও দিতে হয়।”

গানটির কথা, সুর ও কণ্ঠ সায়ানের নিজস্ব। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন, আর গানের জন্য বিশেষভাবে নির্মিত অ্যানিমেশন ভিডিওটি তৈরি করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।

সংগীতজগতে সায়ান বরাবরই পরিচিত ছিলেন প্রতিবাদী কণ্ঠ হিসেবে। তবে এই গানটি তাকে শুধু সংগীতশিল্পী নয়, এক প্রজন্মের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে গানটি প্রশংসিত হচ্ছে প্রতিবাদী ভাষা, আবেগ ও শৈল্পিক নির্মাণের জন্য।