শুটিং থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী
জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সরকার বুধবার গভীর রাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুটিং শেষে বাড়ি ফেরার পথে যাদবপুরের সুলেখা মোড়ে এক চায়ের দোকানের সামনে ঘটে এই ঘটনা। ঐন্দ্রিলার অভিযোগ, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে অশালীন মন্তব্য করেন এবং পরবর্তীতে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেন।
জানা গেছে, রাত প্রায় তিনটা নাগাদ ঐন্দ্রিলা ও তাঁর চার বন্ধু মিলে এক চায়ের দোকানে দাঁড়ান। ঠিক সেই সময় একটি গাড়িতে থাকা চার ব্যক্তি প্রথমে অভিনেত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন। কিছুক্ষণ পর গাড়িটি ফিরে এসে আরও অশালীন ইঙ্গিত ও আচরণ করে। অভিনেত্রীর দাবি, “আমরা ভদ্রভাবে কথা বলেও তাদের থামাতে পারিনি। একজন তো আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিল।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, স্থানীয় পুলিশ পেট্রোলিং গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানাতেও অভিযুক্তরা হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এমনকি অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি ঐন্দ্রিলার।
থানায় প্রথমে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা হলেও অভিনেত্রী ও তাঁর সঙ্গীরা আইনি পথেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়।
যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।


