‘এই জায়গায় আসতে ৮ বছর সময় লেগেছে’:কৃতি
ফারহান আখতার পরিচালিত ‘ডন থ্রি’ নিয়ে বলিউডে শুরু হয়েছে জোর গুঞ্জন ও প্রত্যাশা। ছবিতে নতুনভাবে হাজির হচ্ছেন রণবীর সিং, আর তার বিপরীতে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে কৃতি স্যাননকে। বহু প্রতীক্ষিত এই সিনেমাটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে।
রণবীর-কৃতি জুটির ঘোষণা আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। এই আলোচনার মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে কৃতি স্যাননের একটি পুরোনো ভিডিও, যেখানে তিনি রণবীর সিংয়ের সঙ্গে কাজ নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
একটি পুরোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভক্তের প্রশ্নের জবাবে কৃতি বলেছিলেন,
“রণবীর আমাকে বলেছিল, যেদিন আমি এবং তুমি দু’জনেই সেরা হয়ে উঠব, সেদিন আমরা একসঙ্গে কাজ করব।”
সেই ভিডিওতে আরও দেখা যায়, কৃতি নিজের সংগ্রামের কথা তুলে ধরছেন—
“এই জায়গায় পৌঁছাতে আমার ৮ বছর লেগেছে। সবাই যখন বলে ‘তোমার স্বপ্ন অনেক বড়’, তখন মনে রাখতে হবে, সময় লাগলেও স্বপ্ন সত্যি হয়।”
এখন, ঠিক সেই বাস্তবতায় তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ‘ডন থ্রি’-তে। এতে কৃতির যুক্ত হওয়াকে অনেকে বলছেন, “বলিউডের নতুন পাওয়ার জুটি”।
জানা গেছে, ‘ডন থ্রি’তে শুরুতে রণবীরের বিপরীতে চূড়ান্ত হয়েছিলেন কিয়ারা আদভানি। তবে ব্যক্তিগত কারণে—গুঞ্জন অনুযায়ী গর্ভবতী হওয়ার কারণে—তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই কৃতির নাম ঘুরে বেড়াচ্ছিল, যা অবশেষে নিশ্চিত হলো।
ছবিটি এখনো প্রি-প্রোডাকশনে রয়েছে। রণবীর সিং ইতোমধ্যেই চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন। কৃতি স্যাননের চরিত্র নিয়ে নির্মাতারা এখনো বিস্তারিত জানায়নি, তবে ভক্তরা তাদের জুটির জন্য বেশ উচ্ছ্বসিত।


