মাসুদ রানা সিরিজের সিনেমায় মৌ
দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও অভিনয়ে দাপট দেখানো সাদিয়া ইসলাম মৌ এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। তাকে দেখা যাবে ওয়েব সিনেমা ‘গহীন অতল’-এ, যা নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। মূল গল্পের ভিত্তি থাকলেও সময়োপযোগী ও আধুনিক প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে ‘গহীন অতল’। পরিচালনায় রয়েছেন আকা রেজা গালিব।
ওয়েব সিনেমাটিতে মৌকে দেখা যাবে এক জটিল আবেগময় মায়ের চরিত্রে, যিনি পরিবার, সমাজ ও নৈতিকতার টানাপোড়েনে সন্তানকে রক্ষার লড়াইয়ে নামেন।
মৌ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু। তবে মাসুদ রানা চরিত্রের অভিনেতা এখনো চূড়ান্ত নয়।
অভিনয় অভিজ্ঞতা নিয়ে মৌ বলেন,
‘সহশিল্পীদের সহায়তা এবং পরিচালকের যত্নে কাজটি আরও প্রাণবন্ত হয়েছে। টিমওয়ার্ক এতটাই শক্তিশালী ছিল যে, দর্শকরা তা স্ক্রিনে অনুভব করবেন।’
ওটিটি নিয়ে তিনি আরও বলেন,
‘এখনকার সময়ে দর্শকদের কাছে পৌঁছানোর সবচেয়ে প্রাণবন্ত মাধ্যম হলো ওটিটি। এখানে গল্প বলার ধরণ অনেক বাস্তব ও গভীর।’
বর্তমানে ‘গহীন অতল’-এর পোস্ট-প্রোডাকশন চলছে। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই এটি দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।


