ফ্যাশনের বাইরে এবার মুখের পরিবর্তন নিয়ে বিতর্কে উরফি জাভেদ
সাহসী ফ্যাশনের জন্য পরিচিত উরফি জাভেদ এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে—তার হঠাৎ চেহারার পরিবর্তন নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, উরফির মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফোলা, যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।
উরফির ঠোঁটে একাধিকবার ইনজেকশন দেওয়া হচ্ছে। এতে অনেকেই মনে করছেন, তিনি হয়তো নতুন কোনো প্রসেডিউরের মধ্যে রয়েছেন। কেউ কেউ আবার অ্যালার্জির প্রতিক্রিয়া বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে উরফি নিজেই জানিয়েছেন, এই পরিবর্তন কোনো নতুন ফিলার্স নয়, বরং তিনি তার মুখের আগের ফিলার অপসারণের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তার ভাষায়—
“পুরোনো ফিলারগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তাই এখন সেগুলো সরিয়ে ফেলছি। এটা খুব যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া।”
উরফি আরও বলেন, ভবিষ্যতে তিনি আবারও ফিলার নিতে পারেন, তবে এবার সুচ ব্যবহার না করে বিকল্প কোনো প্রযুক্তির সহায়তা নেবেন।
সম্প্রতি আরেকটি ভিডিওতে তার চোখ ও মুখ ফোলা দেখা যায়। সে সময়ও উরফি তার ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করে চিকিৎসকের পরামর্শ চেয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার এই খোলামেলা স্বীকারোক্তিতে কেউ বলছেন সাহসিকতা, কেউ আবার করছেন সমালোচনা।
উরফির ভক্তরা একদিকে তার সততা ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলছেন অপ্রয়োজনীয় প্রসেডিউর ও সৌন্দর্যের মানদণ্ড নিয়ে।


