বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেমসের কনসার্ট

বিনোদন
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেমসের কনসার্ট
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫

বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া” শিরোনামের একটি বিশেষ কনসার্ট।

এই কনসার্ট শুধু সংগীতপ্রেমীদের আনন্দ দেওয়ার জন্য নয়, বরং একটি মানবিক উদ্যোগের অংশ হিসেবেও গুরুত্ব পাচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা হিসেবে প্রদান করা হবে।

রিভারাইন এন্টারটেইনমেন্ট তাদের ফেসবুক পেজে লেখে,
“ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। তাই এই কনসার্টের আয় থেকে একটি অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় দেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, নগরবাউল জেমস তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় লেখেন,
“এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আমরা তাদের পাশে আছি।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”

দেশে ও দেশের বাইরে থাকা জেমসের ভক্তরা বলছেন, কনসার্ট থেকে প্রাপ্ত আয় দিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগটি প্রমাণ করে—নগরবাউল কেবল একজন সংগীতশিল্পী নন, একজন দায়বদ্ধ মানুষও।