জন্মদিনে পর্দায় ফিরলেন শবনম

বিনোদন
জন্মদিনে পর্দায় ফিরলেন শবনম
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

চলচ্চিত্রাঙ্গনের ইতিহাসে কালজয়ী নাম শবনম। ‘রূপনগরের রাজকন্যা’ খ্যাত এই কিংবদন্তি অভিনেত্রী জীবনের ৮০তম বছরে এসে ভাঙলেন এক অনাড়ম্বর নীরবতা—প্রথমবারের মতো অংশ নিলেন একটি টেলিভিশন সাক্ষাৎকারে।

শনিবার (১৭ আগস্ট) তার ৮০তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ একটি অনুষ্ঠানে অতিথি হন তিনি। এটি তার দীর্ঘ অভিনয়জীবনের প্রথম টিভি সাক্ষাৎকার, যেখানে তিনি তুলে ধরেন চলচ্চিত্র জীবনের শুরু, ব্যক্তিগত অনুভূতি ও দর্শকদের প্রতি তার ভালোবাসা।

“এই প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিলাম। এতদিন কোথাও যাইনি। চ্যানেল আইয়ের আমন্ত্রণে এবার এলাম। খুব ভালো লাগছে”— বলেন শবনম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চ্যানেল আই জানায়, আবদুর রহমানের উপস্থাপনায় নির্মিত এ বিশেষ সাক্ষাৎকারটি প্রচারিত হবে শনিবার রাত ৮টা ২৫ মিনিটে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং চ্যানেল আই অনলাইনেও দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন।

১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘হারানো দিন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ। পরবর্তীতে ‘চান্দা’ (১৯৬২) চলচ্চিত্রে অভিনয় করে পুরো পাকিস্তানে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপরের তিন দশকে তিনি হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ।

বাংলা ও উর্দু মিলিয়ে ১৮০টির বেশি সিনেমায় অভিনয় করেন তিনি, যার মধ্যে ‘নাচের পুতুল’, ‘সহধর্মিণী’, ‘আমার সংসার’, ‘আম্মাজান’ এখনো দর্শকের হৃদয়ে অমলিন।

সাক্ষাৎকারে শবনম জানান, ‘আম্মাজান’ সিনেমার পর তিনি নিজেকে আড়ালে রাখেন। তবে দর্শকের ভালোবাসাই তাকে আবার সামনে নিয়ে এলো।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, টিভিতে শবনমের এই উপস্থিতি শুধু নস্টালজিক মুহূর্তই নয়, বরং নতুন প্রজন্মের জন্য একটি বিরল সুযোগ—চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তিকে কাছ থেকে জানার।