শাহরুখ খানের প্রযোজনা ও নেটফ্লিক্সকে দিল্লি হাইকোর্টের সমন

বিনোদন
শাহরুখ খানের প্রযোজনা ও নেটফ্লিক্সকে দিল্লি হাইকোর্টের সমন
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ও নেটফ্লিক্সে প্রচারিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে আইনি বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। সিরিজে নিজেদের “মানহানিকরভাবে” উপস্থাপনের অভিযোগ এনে ভারতের সাবেক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে মানহানির মামলা দায়ের করেছেন।

ওই মামলার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বুধবার শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্স ইন্ডিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী আন্তর্বর্তী শুনানি অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর।

সমীর ওয়াংখেড়ে দাবি করেছেন, আরিয়ান খানের পরিচালিত সিরিজে তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। যদিও সিরিজে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি, তবে একটি NCB কর্মকর্তার চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা, পোশাক ও ব্যবহার অনেকাংশে তার সাদৃশ্যপূর্ণ বলে অভিযোগ। সেই চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেই মনে করছেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই প্রেক্ষিতে তিনি শাহরুখ খান, গৌরী খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

এর আগেও দিল্লি হাইকোর্ট ওয়াংখেড়ের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য না করলেও এবার সরাসরি আইনি পদক্ষেপে গিয়েছেন।

‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজটি আরিয়ান খানের পরিচালনায় নির্মিত এবং রেড চিলিজ ও নেটফ্লিক্স যৌথভাবে প্রযোজনা করেছে। সিরিজটিতে বলিউডের অন্ধকার দিক—ড্রাগ কেলেঙ্কারি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন—প্রতিফলিত হয়েছে।

সমালোচকদের একাংশের মতে, সিরিজের একটি চরিত্রের উপস্থাপন ভীষণভাবে ওয়াংখেড়ের সঙ্গে মিলে যায়, যদিও নির্মাতারা এই অভিযোগ অস্বীকার করে এখনো প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি।