হঠাৎ বিয়ে করে আলোচনায় ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম

বিনোদন
হঠাৎ বিয়ে করে আলোচনায় ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম
নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫

বলিউড থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগেই, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরলেন আবারও। ‘দঙ্গল’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম চুপিসারে বিয়ে করে রীতিমতো চমকে দিলেন ভক্তদের।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে জায়রা নিজেই ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই নেটপাড়ায় শুভেচ্ছা আর কৌতূহলের বন্যা বইছে।

ছবিতে দেখা যায়, বিয়ের লাল রঙের পোশাকে সজ্জিত জায়রা ওয়াসিম। পাশে বর, যার পরনে কাশ্মিরি ঐতিহ্যবাহী ঘিয়ে রঙের শাল। অন্য ছবিতে জায়রাকে দেখা যায় নিকাহনামায় সই করছেন মেহেন্দি রাঙা হাতে। ক্যাপশনে লিখেছেন – “কবুল হ্যায়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে সবচেয়ে বড় রহস্য হলো—বরের নাম বা পরিচয় প্রকাশ করেননি জায়রা। আর এতেই জল্পনা বেড়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।

জায়রার বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালের ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’ দিয়ে, যেখানে তিনি কিশোরী গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এরপর ‘সিক্রেট সুপারস্টার’-এও প্রশংসিত হন তিনি।

তবে ২০১৯ সালে হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দেন জায়রা। জানান, ইসলামের পথ অনুসরণ করতে চান এবং বিনোদন জগত তাঁর ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বলিউড ছাড়ার পর বোরখা ও হিজাব পরায় সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রলের শিকার হন জায়রা। তবে সবসময়ই নিজের বিশ্বাসে অটল থেকেছেন তিনি।

বিয়ের ঘোষণার পরেও তার এই নতুন পথচলাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে, আবার কেউ কেউ ব্যক্তিগত বিষয় গোপন রাখায় হতাশাও প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে বিয়ের পোস্টে মুহূর্তেই আসতে থাকে হাজারো মন্তব্য:

“অভিনন্দন! আপনি যেখানেই থাকুন, সুখী থাকুন” – একজন লিখেছেন।

“বর কে? মুখ দেখানো হোক!” – কৌতূহলী আরেকজন।