তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত খবর প্রকাশের পরই বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের কিন্তু জোরালো হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, এর লক্ষ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা ভাঙা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্টকমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়েছে। এটি রাশিয়ার ইউক্রেন আক্রমণ ২০২২ শুরুর পর সর্বোচ্চ পর্যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালি-তে উত্তেজনা জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, যা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ও থাকতে পারে।


