কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা, জাহাজে আগুন
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের তিন দেশে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববারের এসব ঘটনায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেলেও কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত–এ তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত–এর সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোন শনাক্ত করে আকাশেই ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে তারা শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারের বেশি ড্রোন প্রতিহত করেছে।
অন্যদিকে, কাতার–এর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবি থেকে আসা একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ দেশটির জলসীমায় প্রবেশের পর ড্রোন হামলার শিকার হয়। মেসাইদ বন্দরের উত্তর-পূর্বে ঘটে যাওয়া ওই হামলায় জাহাজটিতে সীমিত পরিসরে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে ব্রিটেনভিত্তিক একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, দোহার উত্তর-পূর্ব উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, কুয়েত–এর সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে দেশটির আকাশসীমায় একাধিক শত্রু ড্রোন শনাক্ত করা হয়। পরে সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোকাবিলা করা হয়েছে। তবে ড্রোনগুলোর উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্র: এএফপি


