কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
নিউজ ডেস্ক
১১ মে ২০২৬

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় সাজাপ্রাপ্ত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারামুক্ত হয়েছেন। সোমবার সকালে ব্যাংককের ক্লোং প্রেম কারাগার থেকে তাকে মুক্তি দেয় দেশটির কারা কর্তৃপক্ষ।

তবে মুক্তির পরও সরকারের বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে ৭৬ বছর বয়সী এই রাজনীতিককে। নজরদারির অংশ হিসেবে তার পায়ের গোড়ালিতে ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস পরানো হয়েছে।

থাইল্যান্ডের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার মুখে তিনি দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নেন। দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি। ব্যাংককে পৌঁছানোর পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং আদালতের পূর্বঘোষিত এক বছরের সাজা কার্যকর করা হয়।

যদিও তার এক বছরের কারাদণ্ড হয়েছিল, তবে আট মাসের মাথায় মুক্তি পেলেন তিনি। কারাগারের বাইরে তাকে স্বাগত জানান তার মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পায়তংতান সিনাওয়াত্রা। এ সময় পিউ থাই পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত ছিলেন।

কারা ফটক থেকে বের হওয়ার সময় সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ব্যবসায়ী থেকে রাজনীতিক হওয়া থাকসিন থাইল্যান্ডের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্কিত ও প্রভাবশালী চরিত্র হিসেবে পরিচিত। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে তার সরকারের পতন হলেও বিদেশে অবস্থান করেও তিনি পিউ থাই পার্টির ওপর প্রভাব বজায় রেখেছিলেন।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই দীর্ঘ নির্বাসনের পর দেশে ফেরার সুযোগ পান থাকসিন। তবে দেশে ফেরার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

 

সূত্র: বিবিসি