হজে ইন্দোনেশীয়দের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে
চলতি বছরের হজে ইন্দোনেশীয় হাজিদের কোরবানির পশুর মাংস নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী।
উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক জানান, হজ মৌসুমে কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনে পৌঁছে দেওয়ার জন্য সৌদি সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সৌদি আরবের কোরবানি ব্যবস্থাপনা প্রকল্প ‘আদাহি প্রজেক্ট’-এর সহযোগিতাও চাওয়া হয়েছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্দেশনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে যুদ্ধ ও সংকটে থাকা ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা দেওয়া যায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন ইন্দোনেশীয় হজযাত্রী কোরবানির পশুর জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেছেন।
ফিলিস্তিনের চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে নেওয়া এই উদ্যোগকে আন্তর্জাতিক সহমর্মিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


