আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গত রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র কঠোর হামলা চালিয়েছে এবং প্রয়োজন হলে আরও হামলা চালানো হবে।
বুধবার (৮ জুলাই) তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে আগে সতর্ক করা হয়েছিল। তবে তাদের আচরণে কোনো পরিবর্তন না আসায় নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার ভাষ্য, পরিস্থিতি বিবেচনায় ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানো হতে পারে।
এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পায়। এ প্রেক্ষাপটে ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেন এবং ইরানের বর্তমান শাসনব্যবস্থার কড়া সমালোচনা করেন।
ন্যাটো সম্মেলনে তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কোনো আগ্রহ তার নেই। একই সঙ্গে দেশটির শাসকদের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের এসব মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।


