আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে সেখানে পৌঁছে দিনের কর্মসূচির সূচনা করেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে।

রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে ভোরে যাত্রা শুরু করে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় এবং কার্ড বিতরণ কার্যক্রমেও অংশ নেন, যা শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত করা হয়।

এরপর বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণের পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং দলীয় শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

সফর উপলক্ষে দলীয় নেতাকর্মীদের তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তবে জনদুর্ভোগ এড়াতে সব আয়োজন শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল এবং কর্মসূচিগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।