সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২০ আগস্ট ২০২৬

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। ভবিষ্যতে সংশোধিত বিধানের আওতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রপতি নির্বাচনে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন। এর মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পারবেন।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি জানান, এ নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে। ভবিষ্যতে সংশোধনের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে এ বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে বিতর্ক রয়েছে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ৭০ অনুচ্ছেদ নিয়ে সেই আলোচনা নতুন করে সামনে এসেছে। সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ কতটা বাড়বে, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সংবিধানের এই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে পরিবর্তন এলে রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদ সদস্যদের ভূমিকা ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।