সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জাতীয়
সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির
২৭ আগস্ট ২০২৬

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

আজকের শুনানিতে এ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যায়। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী হাসিনা আহমদ এ অভিযোগ করেছিলেন।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের মে মাসে ভারতের শিলংয়ে সালাহউদ্দিন আহমদের সন্ধান পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে তিনি দেশে ফেরেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ। তার গুমের ঘটনায় দায়ের করা অভিযোগটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে এগোচ্ছে।