সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

জাতীয়
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
২৭ আগস্ট ২০২৬

পুলিশ বাহিনীতে নতুন করে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। জনবল সংকট কাটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে ৪ হাজার নিরস্ত্র এসআই পদ, ৪০০ সার্জেন্ট পদ এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃজন ও নিয়োগ সম্পন্ন হলে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পাঁচ বছরে বাড়বে পুলিশের যানবাহন ও জলযান

পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি বাহিনীর যানবাহন ও জলযানের ঘাটতিও পর্যায়ক্রমে পূরণের পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয়ের মাধ্যমে পূরণ করা হবে।

৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাব পর্যালোচনা

গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় ৪ হাজার নিরস্ত্র এসআই পদে নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

পুলিশ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবে গ্রেড-১০-এর এসব পদ সৃষ্টির বিষয়টি সভায় পর্যালোচনা করার কথা বলা হয়।

আগে ১০ হাজার কনস্টেবল নিয়োগের কথা জানিয়েছিলেন মন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর পুলিশের জনবল সংকটের বিষয়টি সামনে এনে দ্রুত নতুন নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুত ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী তখন বলেন, কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নতুন এসআই, সার্জেন্ট ও কনস্টেবল পদ সৃষ্টি ও নিয়োগ বাস্তবায়িত হলে পুলিশের মাঠপর্যায়ের জনবল উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে সরকার।