দূরপাল্লার বাসের নতুন ভাড়া, টোলসহ কোন রুটে কত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেপ্টেম্বর ২০২৬-এর নতুন ভাড়ার তালিকায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার রুটে ৫১ ও ৪০ আসনের বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেতু, ফেরি ও অন্যান্য টোল যুক্ত হওয়ায় একই রুটে দুই ধরনের বাসের ভাড়ায় পার্থক্য রাখা হয়েছে।
বিআরটিএর পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মূল বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা। তবে পদ্মা বহুমুখী সেতু, যমুনা সেতু, অন্যান্য সেতু, ফেরি ও প্রযোজ্য টোল ভাড়ার সঙ্গে যুক্ত হওয়ায় যাত্রীদের নির্ধারিত মূল ভাড়ার চেয়ে বেশি অর্থ গুনতে হবে।
সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বিভিন্ন রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকায় সায়দাবাদ থেকে বরিশাল রুটের দূরত্ব ১৭১ কিলোমিটার। টোলসহ এ রুটে ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৬২৯ টাকা।
সায়দাবাদ থেকে ২১০ কিলোমিটার দূরের পটুয়াখালী রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৭২ টাকা।
অন্যদিকে, সায়দাবাদ থেকে ২৮০ কিলোমিটার দূরের কুয়াকাটা রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া প্রায় ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৯৬ টাকা। বরগুনার ২৫৩ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে প্রায় ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯১৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সায়দাবাদ থেকে সিলেটের দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৯৬ টাকা।
জকিগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও দেশের বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ তালিকায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা, যশোর, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন রুট রয়েছে।
দক্ষিণ ও উত্তরাঞ্চলের এসব রুটে দূরত্ব এবং প্রযোজ্য সেতু বা অন্যান্য টোলের ভিত্তিতে ৫১ ও ৪০ আসনের বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও বিভিন্ন রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট ও কক্সবাজারের রুট রয়েছে।
মহাখালী থেকে রংপুরের দূরত্ব ২৯৭ কিলোমিটার। এ রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৪৫ টাকা।
৩৫৭ কিলোমিটার দূরের নীলফামারী রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ১২৮ টাকা। পঞ্চগড়ের ৪৩৮ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৩৭৬ টাকা।
মহাখালী থেকে সিলেটের দূরত্ব ২৪৫ কিলোমিটার। এই রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া প্রায় ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৬৩ টাকা।
অন্যদিকে, মহাখালী থেকে কক্সবাজারের দূরত্ব ৩৯৬ কিলোমিটার। এ রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া প্রায় ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর নতুন তালিকায় বলা হয়েছে, যেসব রুটে সেতু, ফেরি বা অন্যান্য কর্তৃপক্ষের টোল প্রযোজ্য, সেসব ক্ষেত্রে নির্ধারিত টোল যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হবে। বিশেষ করে পদ্মা বহুমুখী সেতু দিয়ে চলাচলকারী দক্ষিণাঞ্চলের রুটগুলোতে সেতুর টোলের কারণে ভাড়ায় পার্থক্য তৈরি হয়েছে।
এ ছাড়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে চলাচলকারী বাসের ক্ষেত্রেও টোল যুক্ত হবে। ৫১ আসনের বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসের ক্ষেত্রে ৯ টাকা হারে টোল যুক্ত করার কথা জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা তৈরির সময় সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া সড়ক দূরত্ব এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার টোল ও ফেরি ভাড়া বিবেচনায় নেওয়া হয়েছে।
দূরত্ব বা ভাড়ার পরিমাণে কোনো অসঙ্গতি পাওয়া গেলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তা অনুপাতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিআরটিএ।


